টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে সরবরাহ করার দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যূতে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় পরীক্ষার সময় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় এবং ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সরকার।
এদিকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি।
ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব মোহাম্মদ মহী উদ্দিন জানান, ওই দুইজন শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষার প্রশ্নপত্র মোবাইলে তুলে তা বাইরে সরবরাহ করেছেন। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্রের ছবি পাওয়া যায়। পরে পরীক্ষা থেকে বহিষ্কার করাসহ তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: করোনাভাইরাস: মৈত্রী এক্সপ্রেসে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, আটক দুই শিক্ষার্থীকে আইসিটি মামলায় বিকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরআই
