জামালপুর প্রতিনিধি
জামালপুরে চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার ৫০টি উত্তরপত্রের বান্ডিল সদর থানায় জমা দিয়েছেন জয়নাল আবেদীন নামে এক সিএনজিচালক। মঙ্গলবার রাতে কুড়িয়ে পাওয়া এসব উত্তরপত্র তিনি থানায় জমা দেন।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যার পর জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালক জয়নাল পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল পান।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, একটি জিডি করে উত্তরপত্রের বান্ডিলটি থানা হেফাজতে রেখে দিয়েছেন। তিনি বলেন, উত্তরপত্রগুলো হারিয়ে গেলে ৫০ জন পরীক্ষার্থীর খুবই ক্ষতি হতো। সিএনজিচালক বিষয়টির গুরুত্ব বুঝে থানায় ছুটে এসেছেন। সর্বশেষ রাতে জানা গেছে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলামের কাছে খাতাগুলো হস্তান্তর করা হয়েছে।
