শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় রেলওয়ের জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদে বুধবার সকালে অভিযান চালানো হয়েছে। এসময় স্টেশন রোড ও দাউদনগর বাজার এলাকায় অবৈধভাবে নির্মিত শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটের শতাধিক টিন শেড দোকান এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও শাহ মো. আজিজের নেতৃত্ব পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন এলাকায় লিজের নির্ধারিত জমির অতিরিক্ত দখল করে দোকানপাট নির্মাণ করায় বিছিমল্লাহ টি স্টল ও মুসলিম টি স্টল নামে দুইটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।