ধামরাইয়ে ক্লিনিকের ছয় দালালের দণ্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বিভিন্ন ক্লিনিকের ছয় দালালকে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানোর দায়ে শিল্পী, শিউলি, মাসুমা, মিনা, নিলা আক্তার, শারমীন নামের ছয় দালালকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সামিউল হক জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা গ্রামের নিরীহ মানুষকে সরকারি হাসপাতাল সম্পর্কে খারাপ ধারণা দিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়ার চেষ্টা করার অপরাধে ছয় দালালকে শাস্তি দেওয়া হয়েছে।