ছয় মাসের জন্য মাঠের বাইরে ডেম্বেলে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

ফিনল্যান্ডে গেল মঙ্গলবার অস্ত্রোপচার করা হয় বার্সেলোনার ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলের। এরপরই লা লিগার ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি এই খেলোয়াড় আগামী ছয় মাস মাঠের বাইরে থাকবেন।

ক্লাবটি বিবৃতিতে বলেছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ওসমানে ডেম্বেলের। অস্ত্রোপচার করেছেন চিকিত্সক ল্যাস লেমপেইনেন। আনুমানিক ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ডেম্বেলেকে। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন ডেম্বেলে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর এ নিয়ে দশমবারের মতো ইনজুরিতে পড়লেন তিনি। চলতি মৌসুমের সব আসরে তিনি মাত্র পাঁচ বার মাঠে নামতে পেরেছেন। এমন অবস্থায় বার্সেলোনা মরিয়া হয়ে ডেম্বেলের বদলি খোঁজার মিশনে আছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এক্ষেত্রে বার্সেলোনার পছন্দ রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড উইলিয়ান হোসে। কাতালানরা এখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থেকে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে।