চট্টগ্রামে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাতদিন বাকি। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রার্থীরা প্রশাসনের কাছে ধরনা দিচ্ছেন নানান অভিযোগ নিয়ে। তাদের বেশিভাগ অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিদিনই বিএনপি প্রার্থীরা হামলা, মামলা ও গ্রেফতার নিয়ে অভিযোগ করে যাচ্ছেন। দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা প্রচারণার পাশাপাশি ভোটারদের কার্ড তৈরিতে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যস্ত রয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা। সেক্ষেত্রে বিএনপি অনেক পিছিয়ে রয়েছে।

গতকাল রবিবার বিএনপি’র দুই প্রার্থী সংবাদ সম্মেলন করে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন। চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন নাশকতার মামলা নয়, পুলিশ এখন জাল টাকার মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। চান্দগাঁও থানা, পাঁচলাইশ ও বোয়ালখালী থানা এলাকায় রুবেল ও ইস্কান্দরসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাউকে মোবাইল চুরির ও কাউকে জাল টাকার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর থেকে এই পর্যন্ত তিনবার তার বাসায় হামলা হয়েছে। এসময় কয়েকটি মোটর সাইকেল ও বাসার গ্লাস ভাংচুর করা হয়েছে।

একই স্থানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি প্রার্থী এনামুল হক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নিরপেক্ষ আচরণ না করায় পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহকে প্রত্যাহারের দাবি করেছেন। এই পর্যন্ত বিনা কারণে তার ৬০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়েছে। নেইমপ্লেট ছাড়া পুলিশের পোশাক পরে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।অন্যদিকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে স্ব-স্ব নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। নগরীর অলিগলি, পাড়া-মহল্লা প্রচার-প্রচারণায় উত্সবমুখর করে তুলছেন নৌকা প্রতীকের সমর্থকরা। বিভিন্ন গ্রুগে ভাগ হয়ে প্রচারণা চালানো হচ্ছে। পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে। নৌকার পোস্টারে নগরী ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা ছেয়ে গেছে। ট্রাকে করে চলছে প্রচারণা। চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম.এ লতিফ, চট্টগ্রাম-৩ আসনের নৌকার প্রার্থী দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনের শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীসহ নৌকার প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

এদিকে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বারের নেতারা। গতকাল আগ্রাবাদ ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, পরিচালক তরফদার রুহুল আমিন, অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও অঞ্জন শেখর দাশসহ ব্যবসায়ী নেতারা প্রচারণায় অংশ নেন।

শুধু প্রচারণাই নয়, ভোটের দিনের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর নৌকা প্রতীকের প্রচারণা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে ভোটারের নাম, ভোটার নম্বর, কেন্দ্র ইত্যাদি বিষয় নিয়ে ভোটারদের স্লিপ তৈরি করা হচ্ছে। পরে এগুলো ভোটারদের ঘরে ঘরে পৌঁছানা হবে।