গাইবান্ধায় বাস উলটে দোকানে, মা-মেয়ে নিহত, আহত ৩০

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস ও বাঁশবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে বাস উলটে একটি দোকানের ওপর পড়ে। এতে ঐ দোকানের ক্রেতা মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ৩০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীররাতে রংপুর-বগুড়া মহাসড়কের ভিরামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো সাত জনের মৃত্যু হয়েছে। গতকাল ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গাইবান্ধা প্রতিনিধি ও পলাশবাড়ী সংবাদদাতা জানান, গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহতরা হলেন—রাহেলা বেগম (৬৫) ও তার মেয়ে শেফালী বেগম (৩৮)। রাহেলা বেগম পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের প্রয়াত খোকা মিয়ার স্ত্রী ও ও শেফালী বেগম তার মেয়ে। গতকাল গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বাবুল আকতার এ তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনায় চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকা সাভার        এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এরা থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল খামারের কাছে আলমসাধু উলটে চাপা পড়ে চালক হাবিবুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাবিবুর জীবননগর উপজেলার বাসিন্দা।

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা জানান, কালীগঞ্জে একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মুকুল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মুলদাইড়ে বাসচাপায় বাইসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। তার পকেটে পাওয়া পরিচয়পত্রে নাম রয়েছে অন্তত নাথ দত্ত। বাবা কালীপদ দত্ত। বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার ফারিয়া গ্রামে লেখা রয়েছে। পরিচয়পত্রের যুবক বয়সের ছবি থাকায় বর্তমান চেহারার সঙ্গে মিল নেই।

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, হোসেনপুরে মোটরসাইকেল ধাক্কায় মহর উদ্দিন (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঢেকিয়া গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে।

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে ট্রাকচাপায় আবদুল্লাহ ফকির (১৩) নামে এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছে। সে স্থানীয় আহাদ আলীর ছেলে। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে ট্রাকচালক ও তার সহকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।