কারাগারে আটকে রেখে সরকার পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। দেশের রাজনীতি ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সরকার এটা করেছে। গতকাল বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণকে সঙ্গে নিয়েই নিয়মতান্ত্রিকভাবে যা করা দরকার, তা করছি। প্যারোলে মুক্তির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমরা তার মুক্তি চাই, তাকে বাঁচাতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মেয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল ও কামরুজ্জামান রতনসহ প্রমুখ।
নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। বিকাল ৩টায় মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
