মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়নে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। সামান্য ভোটের ব্যবধানে তিনি পিট বুতিগিয়েগকে হারিয়েছেন। এর আগে আইওয়া ককাসে জয় পেয়েছিলেন বুতিগিয়েগ। —খবর আল-জাজিরার
মঙ্গলবার রাতে ভারমন্টের সিনেটের বার্নি স্যান্ডার্স নিজের জয়ী হওয়ার তথ্য জানান। তিনি পেয়েছেন ২৬ শতাংশ ভোট। তার মূল প্রতিদ্বন্দ্বী ও ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুতিগিয়েগ পেয়েছেন ২৪ দশমিক ৪ শতাংশ ভোট। মিনেসোটা সিনেটর অ্যামি ক্লোবুচার পেয়েছেন ১৯ দশমিক ৭ শতাংশ ভোট। জয়ের পর স্যান্ডার্স বলেন, এই জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষের শুরু।
৭৮ বছর বয়সি স্যান্ডার্স নিজেকে গণতন্ত্রপন্থি সমাজতান্ত্রিক বলে ঘোষণা দেন। এ সময় তার সমর্থকরা হাততালি দেন। বুতিগিয়েগ আশা করেছেন, স্যান্ডার্স জয়ী হলেও ডেলিগেটদের সংখ্যায় তিনি সমান পাবেন। ৩৮ বছর বয়সি বুতিগিয়েগ স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনেও স্যান্ডার্স হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন এবং সেটা ছিল বেশি ভোটের ব্যবধানে। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। হিলারি ক্লিনটনই বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছিলেন।
