সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে ১৬ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর বাবা। বুধবার সন্ধ্যায় মামলা দায়েরের পর ওই দিন মধ্যরাতে উপজেলার পাইকোশা বাজার থেকে অভিযুক্ত সুলতান মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সুলতান মাহমুদ ওই কিশোরীর পাশের বাড়ির হযরত মওলানার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পার্শ্ববর্তী মুদি দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এসময় প্রতিবন্ধী কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায় ওই কিশোরী। বাদী পক্ষ গরীব অসহায় হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। এরপর সুলতান মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন: কবি নির্মলেন্দু গুণ আইসিইউতে
ওই কিশোরী বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সুলতান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএএম
