পুরানা পল্টনের দৈনিক বাংলা মোড়ের পাশে বক্সকালভার্ট রোডের ডি আর টাওয়ারে গতকাল বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে বিকাল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে ঐ ভবনের ১২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল আহমেদ জানান, ১৮ তলা ঐ ভবনের ১২ তলায় ইসলামিক ইনসিওরেন্স ও বাংলাদেশ ব্যাংকার্সের অফিস রয়েছে। আগুনে ঐ অফিস দুইটির প্রচুর পরিমাণে কাগজপত্র পুড়ে গেছে। ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তত্পরতার ফলে আগুন ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। সেখানে কারো হতাহতেরও খবর পাওয়া যায়নি।
