চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের আশা একরকম ছেড়েই দিয়েছে ম্যানচেস্টার সিটি। কিছুদিন আগেই কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলে ব্যর্থ হিসেবেই গণ্য হবেন ইংলিশ দলটির ইতিহাসে। এবার স্প্যানিশ কোচ জানালেন, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় হারাতে না পারলেই বাজবে তার বিদায় ঘণ্টা।
শেষ দুই মৌসুমে প্রিমিয়ার লিগে ১০১ আর ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল সিটি। সেই শিরোপাধারী দলটিই এবার লিগে বেশ বিবর্ণ। নিজেদের বাজে ফর্ম দলটিকে ২২ পয়েন্টে পিছিয়ে দিয়েছে শিরোপাপ্রত্যাশী লিভারপুল থেকে। এ ব্যবধান ঘুচিয়ে চলতি মৌসুমে শিরোপা জেতা অসম্ভব ধরে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেছেন গার্দিওলা।
কিছুদিন আগেই তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সিটিকে লিগ জেতাতে না পারলে সিটির ইতিহাসে ব্যর্থই ধরা হবে তাকে। সে ব্যর্থতা এড়াতে এবার প্রথম সিঁড়ি হিসেবে পেয়েছেন রিয়াল মাদ্রিদকে।
আগামী ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে রিয়ালের আতিথ্য নেবে সিটি। এরপর মার্চের ১৮ তারিখ নিজেদের মাঠে ফিরতি লেগে কোচ জিনেদিন জিদানের দলকে আতিথ্য দেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
এর আগে গার্দিওলা জানালেন প্রায় ভুলতে বসা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদটা নিতে চান আরেকবার। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এর স্বপ্নটা দেখছি আমি এবং আমি পরের দুই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রস্তুতি গ্রহণ করতে মুখিয়ে আছি।’
গার্দিওলা শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন সেই ২০১০-১১ মৌসুমে। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে টুর্নামেন্টটা স্প্যানিশ কোচকে বঞ্চিতই করেছে কেবল। বায়ার্ন মিউনিখকে দুইবার সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও সিটিকে নিয়ে বড়োজোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছেন গার্দিওলা।
এ কারণের সঙ্গে যোগ হয়েছে চলতি মৌসুমে লিগে দলের বাজে পারফরম্যান্স। দুয়ের মিশেলেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তীব্র বাসনাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গার্দিওলা। তবে সেজন্য আগে নকআউটের বাধা তো পেরোতে হবে! সে উদ্দেশ্যে খুশিমনেই প্রস্তুতি নিতে চান গার্দিওলা। তিনি বলেন, ‘এই প্রক্রিয়াটা আর তার আগের দুটি সপ্তাহ আমার পেশার সবচেয়ে আনন্দের দুটি সপ্তাহ হতে যাচ্ছে।’
তবে মুদ্রার উলটা পিঠে আছে শঙ্কাও। গার্দিওলা জানালেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হলেই সিটি থেকে বরখাস্ত হবেন তিনি। সাবেক বার্সেলোনা কোচের ভাষ্য, ‘আমরা যদি তাদের হারাতে না পারি, তাহলে চেয়ারম্যান অথবা ক্রীড়া ব্যবস্থাপক আমার কাছে এসে বলবেন, ‘এটাই যথেষ্ট নয়। আমাদের চ্যাম্পিয়ন্স লিগ চাই। আমরা তোমাকে বরখাস্ত করছি।’
