নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উত্পল ভট্টাচার্য মামলাটি আমলে নিয়ে এই আদেশ দেন। শাজাহান খানের বিরুদ্ধে মানহানির মামলার বিষয়টি বুধবার নিরাপদ সড়ক চাই কর্তৃপক্ষ থেকে জানানো হয়। বলা হয়, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মামলা নং- ০৯/২০২০। ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম।
