এই উদ্দেশ্যেই বাংলাদেশকে সফরে নেওয়ার জন্য এত চেষ্টা করেছে পাকিস্তান। শ্রীলঙ্কার পর বাংলাদেশ দলও নিরাপদে পাকিস্তান সফর প্রায় সম্পন্ন করায় এখন আরেকটি দেশের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয়ের চিন্তা করতে পারছে পাকিস্তান। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা তারা রাওয়ালপিন্ডিতে আয়োজন করতে চান। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দেশের মাটিতে আয়োজনের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন এখন তারা।
মার্চের ১৮ তারিখ থেকে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২২ মার্চ শেষ হবে পাকিস্তান সুপার লিগ। এরপরই দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ হবে। ভারত সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা দল কয়েক দিনের জন্য আরব আমিরাতে যেতে পারে। অথবা তারা সরাসরি রাওয়ালপিন্ডিতে চলে যেতে পারে।
ওয়াসিম খান বলছিলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি, ‘আমাদের এটা নিয়ে লজিস্টিক্যাল দিক থেকে কাজ করতে হবে। কারণ, ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকা তাদের ভারত সফর শেষ করবে। কিন্তু আমাদের পিএসএল চলবে ২২ মার্চ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার জন্য ভারত সফর শেষ করে দেশে গিয়ে ফেরাটা তো সম্ভব নয়। আমরা তাদের ছয় থেকে আট দিনের জন্য আরব আমিরাতে রাখতে পারি। সে ক্ষেত্রে আমরা তাদের অনুশীলন সুবিধা বা অন্যান্য সুবিধা দেব। আর না হয় ওরা সরাসরি এখানে (রাওয়ালপিন্ডিতে) চলে আসতে পারে। এখানেই তাদের সব সুবিধা দেওয়া হবে।’ দক্ষিণ আফ্রিকার একটা নিরাপত্তা দল পাকিস্তান সফরে আসবে। সেই সঙ্গে তাদের নিরাপত্তা বিভাগের প্রধান পিএসএলের প্রথম অংশে উপস্থিত থাকবেন।
এদিকে ভারতে ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হবে। সেখানে বেশ কিছু দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের খেলোয়াড় অংশ নেবেন। ফলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য কার্যত দিন সাতেক সময় পাচ্ছে পিসিবি।
তবে এই সময়ের মধ্যেই সিরিজটা হয়ে যাবে বলে আশাবাদী ওয়াসিম খান। তিনি বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা এখন কেবল অপেক্ষার ব্যাপার মাত্র। ওদের নিরাপত্তা বিশেষজ্ঞ পাকিস্তান সুপার লিগের প্রথম দিকে এখানে থাকবেন। তার হাতে পুরো নিরাপত্তা পরিকল্পনাটা আছে। বিভিন্ন ভেন্যুর জন্য পরিকল্পনা দেওয়া হয়েছে তাকে। তিনি এবং দক্ষিণ আফ্রিকার বোর্ড এই সফর নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে আছে।’
ওয়াসিম খান বলেছেন, দক্ষিণ আফ্রিকা নিজেরাই এই রাওয়ালপিন্ডি ভেন্যু নিয়ে সন্তুষ্ট হয়েছে। ফলে এখানেই সিরিজটা হওয়ার কথা, ‘লাহোর ও করাচির ভেন্যুকে বিবেচনায় রাখা হচ্ছে না। কারণ এখানে আমরা পুরো ক্রিকেটটা (পিএসএল) খেলব। ফলে এখানকার উইকেট ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি, রাওয়ালপিন্ডিকে পাওয়া যাচ্ছে। আমার মনে হয়, রাওয়ালপিন্ডিতে যাওয়াটাই ঠিক হবে। আর দক্ষিণ আফ্রিকা আমাদের এই যুক্তিতে সন্তুষ্ট হয়েছে।’
