প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন দর্শকখরা তখন নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে ফুটবল উত্সব করেছেন সেখানকার দর্শক। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। ৮৭ মিনিটে অধিনায়ক কলিন্দ্রেসের গোলে জয় পেলেও ঘাম ঝরেছে জায়ান্ট বসুন্ধরার।
নীলফামারীর এই মাঠ বসুন্ধরার হোমভেন্যু। নিজেদের মাঠে খেলা, সেখানকার দর্শক যেভাবে মাঠে গিয়ে হাজির হলেন তা দেখে বিস্ময় প্রকাশ করতেই হয়। বিশ্ব ক্রিকেটে বাংলার যুবরা যখন চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে ঢেউ তুলল তখন একই সময়ে নীলফামারীর ফুটবল প্রেমীরা ছুটলেন ফুটবল মাঠে। গোল উত্সব দেখতে চেয়েছিলেন। তা হয়নি। প্রায় পুরো গ্যালারি ভরে গিয়েছিল নারী-পুরুষের উপস্থিতিতে। বসুন্ধরার জার্সির রং লাল। দর্শকও সেই রংয়ের পোশাকে পুরো গ্যালারি লাল করে দিয়েছিলেন; কিন্তু ম্যাচের শুরুতেই গোল না পেয়ে শঙ্গায় থাকা বসুন্ধরাকে আরো বেশি বিপদে ফেলে দিচ্ছিল দুর্বল দল উত্তর বারিধারা ক্লাব। এই দল বসুন্ধরাকে এভাবে ভোগাবে ভাবতেও পারেননি বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।
বসুন্ধরা এবং উত্তর বারিধারা ক্লাবের অবস্থান রাস্তার এপার ওপার। ঢিল ছোড়া দূরত্ব। অথচ অর্থবিত্ত, সামর্থ্য—সব দিক থেকেই আকাশ ছোঁয়া উচ্চতায় বসুন্ধরার অবস্থান; কিন্তু মাঠের লড়াইয়ে সব দূরত্বকে মুছেই দিচ্ছিলেন উত্তর বারিধারা ক্লাবের কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক স্ট্রাইকার আলফাজ আহমেদ। এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের হেড কোচ হয়ে কাজ করছেন সাফ গেমস ফুটবল স্বর্ণজয়ী তারকা আলফাজ।
বসুন্ধরা অন্তত ১৫ কোটি টাকার দল। সেই তুলনায় আলফাজের দলের বাজেট ক্ষুদ্র। তাদের বড়ো শক্তি আফ্রিকান ফুটবলার। বিশেষ করে গত মৌসুমে মোহামেডানে খেলা গাম্বিয়ান ল্যান্ডিং ডারবো একাই বসুন্ধরার রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিলেন। গোলপোস্টে অতন্দ্র প্রহরী আনিসুর রহমান জিকো বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন। বসুন্ধরার গোল পেয়েছে ৮৭ মিনিটে। দুর্বল আক্রমণ হতে অধিনায়ক কোস্টারিকার কলিন্দ্রেস গোল করেন ১-০। যদিও গোল নিয়ে আপত্তি বারিধারা ক্লাবের। তাদের দাবি সেটি অফসাইডের গোল। তবে বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন খান ক্ষতি করেছেন দুই হলুদ কাডে লালকার্ড পাওয়ায়।
বসুন্ধরা গত মৌসুমে প্রিমিয়ার লিগে পা রেখেছিল। প্রথম ম্যাচেই শেখ জামালকে হারাতে গিয়ে সেবার ৬৮ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। জিতেছিল এই কলিন্দ্রেসের বাড়ানো বলে, ব্রাজিলীয়ান মারকোসের একমাত্র গোলে।
আজকের খেলা ঃ
মোহামেডান ও আরামবাগ (৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম) এবং সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ (৩টা ১৫, রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ)
