খেলাধুলাকে উপলক্ষ্য করে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয় এসএ গেমস স্বর্ণ জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের সঙ্গে। এই স্বর্ণ জয়ীকে প্রধানমন্ত্রী ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। এবার মাবিয়ার দেখা হলো অন্য একটি পুরস্কার গ্রহণের দিনে। আনসারের তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য প্রতি বছর তারা নিজেদের মধ্যে রাষ্ট্রপতি পদক দিয়ে সম্মানিত করে থাকে। এই বছর আনসার ২৪৩ জনকে পদক দিয়েছে। এদের মধ্যে আনসারের রাষ্ট্রপতি পদক পেয়েছেন পাঁচ ক্রীড়াবিদ। আছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তসহ পাঁচ জন। এরা হলেন ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত, তায়কোয়ান্দোতে ফারজানা রুমী, ভলিবলে কামাল হোসেন, জিমন্যাস্টিকসে কারিমা আক্তার, জুডোতে রিনা আক্তার।
গতকাল সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসারের ৪০তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে সেবা ও সাহসকিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
