অর্থ আত্মসাৎ: জেলা পরিষদের সাবেক কর্মকর্তা আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৪

প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে (৫০) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারায় ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মামলা দায়ের করার পর মিজানকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মিজানের বিরুদ্ধে শিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ এক লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ মোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এর মধ্যে থেকে আসামি মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচ