বেতন বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এন.এ.জেড কম্পোজিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা এলাকায় থাকা দুইটি মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনায় ১০ পোশাক শ্রমিক আহত হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত বেতন ভাতা প্রদানের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলো কারখানার কয়েক হাজার শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে পূর্বের বেতন দিয়ে আসছিলো। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। সকালে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়।
গাজীপুর শিল্প পুলিশের ওসি হাবিবুর রহমান জানান, এন.এ. জেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে রাখা দুইটি মোটরসাইকেল, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও লেগুনা ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
