স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৬

মাহবুব শরীফ

 

বাংলাদেশে স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালবান্ধব ইকোসিস্টেম তৈরিতে ভিশন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যেখানে ২০২৫ সালের মধ্যে চারটি বিষয়বস্তুর ওপর নির্ভর করে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম বর্তমানের চেয়ে সাতগুণ উন্নীত করা হবে। বর্তমানে শুধু একটি এক বিলিয়ন ডলারের কোম্পানি (ইউনিকর্ন) রয়েছে এবং ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে অন্তত ৫টি বিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানি অথবা ইউনিকর্ন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে বর্তমানে এক দশমিক ৪৫ বিলিয়ন ডলারের স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে, যা ১০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব স্টার্টআপগুলো বর্তমানে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে প্রায় সাত লাখ কর্মসংস্থানের সুযোগ করেছে। ভিশন ২০২৫ এ ২০২৫ সাল নাগাদ প্রত্যক্ষভাবে ১০ লাখ এবং পরোক্ষভাবে ৫০ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুজিববর্ষকে সামনে রেখে এবছর বৃহত্ পরিসরে ও জাঁকজমকভাবে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০, বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন। কৌশলগত অংশীদার হিসেবে স্টার্টআপ বাংলাদেশ, নলেজ পার্টনার হিসেবে বুয়েটসহ এই আয়োজনে অংশীদারদের মধ্যে ছিল সিঙ্গাপুর ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি অ্যাসোসিয়েশন (এসভিসিএ), অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিং (এআইএম) ইউএই, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, টাই ঢাকা, এন্টারপ্রেওনার্স অর্গানাইজেশন, এফএনএস মিডিয়া, আমেরিকান অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং চাকরি খুঁজবো না, চাকরি দেবো।

শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত স্টাটআপ ওয়ার্ল্ড কাপ ২০২০, বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভেঞ্চার ক্যাপিটাল ফর ডাবল ডিজিট গ্রোথ’ শীর্ষক সেশনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্ঠার সামনে লক্ষ্যমাত্রাটি তুলে ধরেন পেগাসাস টেক ভেঞ্চারসের জেনারেল পার্টনার, ভিসিপিয়াব চেয়ারম্যান ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ‘গেজ টেকনোলজিস’, যারা সিলিকন ভ্যালিতে স্মার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ এর চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশ নেবে এবং এক মিলিয়ন ডলার বিনিয়োগ পুরস্কার লাভের জন্য লড়বে। এছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে যথাক্রমে ‘অল্টারইয়্যুথ’ এবং ‘ট্রাক লাগবে?’। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পোষাপেটস ও কুকআপস। সেরা ৫ স্টার্টআপকে সিলিকন ভ্যালিতে নিয়ে যাওয়া হবে এবং অংশগ্রহণকারী সব স্টার্টআপ আইসিটি ডিভিশন পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবে।