জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা হাসপাতালে দীর্ঘদিন যাবত্ চিকিত্সক ও জনবল সংকট রয়েছে। ফলে কাঙ্ক্ষিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ তাহের জানান, ইসলামপুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ তিনটি স্বাস্থ্য উপকেন্দ্রে কনসালটেন্ট, জুনিয়র কনসালটেনসহ মোট ৩৩ জন চিকিত্সক প্রয়োজন। কিন্তু সেখানে আছে মাত্র ২২ জন। এছাড়া উপজেলা হাসপাতালে নার্স প্রয়োজন ২৬ জন, আছেন ২৩ জন। ওয়ার্ডবয় প্রয়োজন তিন জন, আছে দুই জন।
এছাড়া দুইটি আয়ার পদ শূন্য রয়েছে। এমটি ফিজিওথেরাপির কোনো লোক নেই। এছাড়াও এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি নেই। অপরদিকে এই হাসপাতালে একটি আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। সেখানে রয়েছে দেশি-বিদেশি যন্ত্রপাতিও। কিন্তু দীর্ঘদিন যাবত্ সার্জিক্যাল ও এনেসথেসিয়া চিকিত্সকের অভাবে অপারেশন থিয়েটারটি বন্ধ রয়েছে।
হাসপাতালে চিকিত্সা নিতে আসা বাহাদুরপুর গ্রামের মাসুদের ৯ মাসের শিশু নিউমোনিয়া এবং চিনাডুলী গ্রামের দিনমজুর গোলাপ উদ্দিনের আট বছরের শিশু সর্দি কাশির কারণে ভর্তি হয়েছে। তারা জানান, চিকিত্সার জন্য এসেছেন, কিন্তু হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিত্সক নেই। চিকিত্সক সংকটে সন্তানের চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন তারা। হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগী নাজমা, জাহানারা ও সোবাহান একই অভিযোগ করেন।
এদিকে চিকিত্সক সংকটের কথা স্বীকার করে জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম চন্দ্র বলেন, পুরো জেলায়ই চিকিত্সক সংকট রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। হয়তো অচিরেই সুফল পাওয়া যাবে।
