কুমিল্লায় ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ২৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার আলেখারচর ও কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোপালনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলায় একটি মাইক্রোবাসের পেছনের অতিরিক্ত চাকায় আটকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চালক হানিফকে (৩০) আটক করে ডিবি। সে চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। অপরদিকে ৫ হাজার পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৩৫), রেজাউল করিম (৪২), নাজমুল মিয়া (২৬) ও আলাল সরকারকে (৩০) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান ও তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।