চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা হিসেবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিগারেট, স্বর্ণ চোরাচালান, পাচার, রাজস্ব ফাঁকি বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে।