চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় ধরা পড়েছে প্রায় ৩ ফুট লম্বা একটি মেছো বাঘ। বুধবার রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামের লতা মিয়ার বাড়ি থেকে বাগটি আটক করা হয়। তবে শুক্রবার পর্যন্ত বাঘটি বন বিভাগের হাতে হস্তান্তর করা যায়নি। কৃষক লতা মিয়া জানান, ঐ দিন রাত ১০টার দিকে বাড়ির গেটে বাঘটি দেখে চিত্কার করলে লোকজন জড়ো হয়। এ সময় বাগের আক্রমণে আহমদ আলী নামের এক জন আহত হন। এক পর্যায়ে বাগটি বাড়ির ভিতরে প্রবেশ করলে কৌশলে বস্তার মধ্যে আটকানো হয়। ছেড়ে দিলে মানুষের ওপর অক্রমণ করতে পারে এজন্য দুই দিন ধরে আটকিয়ে রাখা হয়েছে। কেন এখনো বাঘটিকে প্রশাসনের হাতে দেননি জানতে চাইলে বলেন, আমি কৃষক মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকায় সময় পাইনি। তাছাড়া কার সাথে যোগাযোগ করতে হবে তাও জানি না। দায়িত্বশীল কাউকে পেলে তাদের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য শিমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগটি বনবিভাগে হস্তান্তরের চেষ্টা চলছে।
