পুঠিয়ায় পেঁয়াজ চাষে ঝুঁকছে কৃষক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় পুঠিয়া উপজেলায় পেঁয়াজ চাষে ঝুঁকেছেন কৃষকরা। বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষে লাভের আশা করছেন এলাকার চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলায় গেল বছর কন্দ এবং আল পেঁয়াজ হয়েছিল ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। চলতি বছর ৪ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে কন্দ ও আল পেঁয়াজ লাগানো হয়েছে। আরো ৩ থেকে ৫ শত হেক্টর জমিতে আল পেঁয়াজ লাগানোর প্রস্তুতি সম্পন্ন করেছে কৃষক।  পালোপাড়া গ্রামের আল পেঁয়াজ চাষি সৈয়দ আলী জানান, গত বছর তিনি দুই বিঘা জমিতে ১২০ মণ পেঁয়াজ পেয়েছেন। শুরুতে কম দাম পেলেও পরে ভালো দামে খুশি। তিনি এবার ২.৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া বলেন, পুঠিয়ার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৮৫০ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ হয়েছে। এগুলো থেকে কিছু পেঁয়াজ উঠতে শুরু করেছে। এছাড়া পেঁয়াজ বীজ (কদম) উত্পাদনের জন্য ৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।