স্পোর্টস রিপোর্টার
মোহামেডান খেলবে, এমন আশা করে যারা কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন তারা খুশি মনেই ঘরেই ফিরেছেন। আরামবাগের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে মোহামেডান। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে, উত্তজনা দেখল দর্শক। মোহামেডান লিগে কোথায় থাকবে সেটা বলা কঠিন। তবে ফেডারেশন কাপ ফুটবলে সেমিফাইনালে বিদায় নিলেও মোহামেডান তার সমর্থকদের মনে আশা জাগিয়ে রেখেছিল। এবার লিগেও ভালো কিছু করবে সেই দাগ রাখল কাল ভালো খেলে।
আরামবাগের বিপক্ষে একমাত্র গোলে জিতলেও মোহামেডান গোলের সুযোগ পেয়েছিল আরো বেশি। কিন্তু গোল করতে না পারার দায় মোহামেডানেরই। কোনো রকমে দাঁড় করানো মোহামেডান খেলছে বিদেশি ফুটবলারদের ওপর নির্ভর করে। কাল আরামবাগের বিপক্ষে মোহামেডানের হাতে তিন পয়েন্ট তুলে দিলেন নাইজেরিয়ান ফুটবলার ওবি মোনেকে, ৩০ মিনিটে গোল করেন তিনি, ১-০। দারুণ গোল করেছেন এই স্ট্রাইকার। আরামবাগের বক্সে ঢুকে ডান পায়ে ইনসুইং বলটাকে জালে পাঠালেন ওবি মোনেকে।
এক গোলে ভরসা ছিল না। টেনশনে ছিলেন ইংলিশ কোচ সেন লিন। সোহাগ, শ্যামল, আতিকুজ্জামান, মিঠু, ইউসুফ সিফাত, দলের অধিনায়ক জাপানি ফুটবলার ইউরি নাগাতা আক্রমণ করে আরামবাগকে বিপদে ফেলে দিচ্ছিল। মোহামেডান দুইবার গোলের সুযোগ নষ্ট করেছে। গোলপোষ্টে লেগেছে। ওবি মোনেকের হেড রাকিবুল ইসলাম শাওন দারুণ খেলে গ্রিপ করেছেন। আরামবাগও গোল ফিরিয়ে দেয়ার সুযোগ পেয়েছিল। বদলি নামা আব্দুল বাতেন কোমল এবং একাদশে থাকা মিশরের মোস্তাক দলকে বঞ্চিতই করেছেন।
মোহামেডানের সাংগঠনিক শক্তি এখন আগের মতো নেই। কিছুটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে ফুটবলে নতুন নেতৃত্ব আনতে গিয়ে মাঠের খেলাটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দর্শক মাঠে এসে খেলা দেখলে খেলোয়াড়রা উত্সাহিত হবেন এমন ভাবনা বর্তমান কর্মকর্তাদের। তাই মোহামেডানের সাবেক অনেক ফুটবলারকে মাঠে এসে খেলা দেখতে ডেকে আনা হচ্ছে। গতকালও কায়সার হামিদ, জনি, নকিব, রিয়াজ, কর্মকর্তা মোস্তাকুর রহমানদের মাঠে দেখা গেল।
এবারই প্রথম মোহামেডান তাদের হোম ভেন্যু করেছে কুমিল্লায়। মোহামেডানের দর্শকের কাছে নিয়ে যেতে চাইছে। ভালোবাসা দিবসের দিনে মোহামেডান ম্যাচ জিতে খুশি। খেলা শেষে পলিপ্যাক করা দলের কালো রংয়ের জার্সি গ্যালারিতে ছুঁড়ে দিয়েছে। সমর্থকদের উপহার দিয়েছে। গতকাল মোহামেডান অ্যাওয়ে ম্যাচ খেলেছে আরামবাগের বিপক্ষে। তাই তাদের জার্সি ছিল সবুজ রংয়ের।
সাইফ স্পোর্টিংও জিতেছে
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ভেন্যু করেছে। তাদের নিজেদের ভেন্যু ছিল গত মৌসুমেও। চেনা জানা মাঠে কাল রহমতগঞ্জকে হারাতে নাভিশ্বাস উঠেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে রুয়ান্ডার ফুটবলার এমিরের ফ্রিকিক সরাসরি জালে ঢুকে যায়। আগামীকাল ঢাকায় আবাহনী ও পুলিশ ম্যাচ।
