আরো এক সপ্তাহ পেছাল নারী ফুটবল লিগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

আজই শুরু হওয়ার কথা ছিল নারী ফুটবল লিগ। কিন্তু সেটি আরো এক দফা পিছিয়ে নতুন তারিখ জানিয়েছে বাফুফে। বলা হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি নারী ফুটবল শুরু হবে। বসুন্ধরা কিংস এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। সাত দল ডাবল লিগ খেলবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ফিকশ্চার চূড়ান্ত করা হয়েছে। আজকালই সেটা ক্লাবগুলোতে পাঠানো হবে। সেই সঙ্গে আনুষ্ঠনিকভাবেও ঘোষণা করা হবে। প্রায় সাত বছর পর লিগ হতে যাচ্ছে। তাও আবার দুই তিনবার তারিখ পরিবর্তন হলো। এটাকে খুব বেশি নেতিবাচক ভাবে দেখছে না বাফুফে। কারণ এক দুইটা পর্ব হয়ে গেলে মসৃণ পথে চলতে শুরু করবে লিগ—মনে করছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কি কারণে পেছাচ্ছে?  বাফুফে বলছে, একাধিক ক্লাব প্রস্তুতি নিতে পারেনি। ক্লাবগুলো যদি ভালোভাবে প্রস্তুতি নিতে না পারে তাহলে খেলাটাও ভালো হবে না। শুধু তাই নয়, একবার দলবদল শেষ হওয়ার পর আবারও দুই দিনের জন্য দলবদল ঘোষণা করে। কিছু ফুটবলার দল পায়নি বলে নতুন সময় ঘোষণা করা হয়েছিল। এই নিয়ে সমালোচিতও হয়েছে বাফুফে। নারী ফুটবলের বড়ো দল বসুন্ধরা কিংস বৃহস্পতিবারই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েই দিয়েছে যদি নতুন কোনো খেলোয়াড় রেজিস্ট্রশন হয় তারা খেলবে না। কঠোর অবস্থানে বসুন্ধরা। তারা রেজিষ্ট্রেশনের তালিকা দেখবে। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে কঠোর সিদ্ধান্ত নেবে। বাফুফের সাধারণ সম্পাদক সোহাগও তার কথাটা শুনেছেন, তবে তিনি মনে করছেন কয়েকজন ফুটবলার দল পায়নি বলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সোহাগ বলেন, ‘আমাদের উদ্দেশ্য ভালো। আমরা ফুটবলারদের চিন্তাটা করেছি। আর বসুন্ধরা বড়ো দল তারা অনেক কিছু বুঝতে পারবে। অন্যান্য ক্লাবের মতো বসুন্ধরার সহযোগিতা চাইব।’

 আট দল নিয়ে নারী ফুটবল শুরু হওয়ার কথা থাকলেও একটি দলকে বাদ দেওয়া হয়েছে। স্বপ্নচুড়া অ্যান্ড আক্কেলপুর ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। বাফুফের দাবি এই ক্লাবটিতে আভ্যন্তীরণ সমস্যা রয়েছে। এখন সাত দল নিয়ে লিগ হবে এমনটি জানান বাফুফের সাধারণ সম্পাদক। বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কারাচারীপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, স্পারটন এমকে, গ্ল্যাটিকো সিলেট এফসি। তার পরও আশঙ্কা থাকছে শেষ পর্যন্ত সাত দল নিয়েও লিগ শুরু হবে তো।