পাঁচ দিনব্যাপী ‘মাইডাস এসএমই ট্রেড ফেয়ার ২০২০’ শীর্ষক নারী উদ্যোক্তাদের এক মেলা গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আরম্ভ হয়েছে। বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন মেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাইডাস পরিচালনা পর্ষদের সদস্য এস এম আল হোসাইনি, পারভীন মাহমুদ, সাবিনা আলম, আব্দুল করিম, জাহিদা ইস্পাহানি, ড. এস এম আকবর, মাইডাস ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কানাডা সরকারের কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস এবং মাইডাসের যৌথ উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়েছে। এখানে মাইডাস প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক ও অন্যান্য আকর্ষণীয় পণ্যের সমাহার প্রদর্শন ও বিক্রি হচ্ছে। আজ শনিবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি
