দেশের বারোটা বা তেরোটা বাজুক তাতে তাদের কী আসে যায়: রিজভী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫০

দেশের সর্বস্তরে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যাংকিং সেক্টরে লুটপাটের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেছেন, দেশের বারোটা বাজুক আর তেরোটা বাজুক তাতে তাদের কী আসে যায়?

গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদনের কথা তুলে ধরে রিজভী বলেন, বিদেশে রাজকীয় জীবনে শতাধিক ব্যাংক লুটেরা। পরিস্থিতি এমন যে, ব্যাংক থেকে টাকা মেরে দেওয়া সবচেয়ে সহজ। এ উত্সবে মেতেছিলেন বেশ কয়েক জন। হাজার হাজার কোটি টাকা মেরে তারা এখন লাপাত্তা। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াসহ উন্নত বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন বিনা বাধায়। করছেন রাজকীয় জীবনযাপন।

অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এত ভয়ংকর খবরের পর যখন নিশিরাতের সরকারের অর্থমন্ত্রী নিজেকে বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী দাবি করেন, তখন জনগণের বুঝতে বাকি থাকে না যে, এই সরকারের সবটাই শুভংকরের ফাঁকি।