বসন্ত ভালোবাসায় উচ্ছ্বসিত রাজধানী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৮

গতকাল  ছিল নবপ্রবর্তিত বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের পয়লা দিন। আবার পশ্চিমা ‘ভ্যালেন্টাইন ডে’ বা ভালোবাসা দিবস। দুই দিবস মিশে একাকার । যদিও ফাগুনকে প্রতিবারের মতো বাঙালি বরণ করে গত ১৩ ফেব্রুয়ারি। তবে গতকালও তার রেশ ছিল। দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নূপুরের নিক্কন, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। শীতের রুক্ষতা ঝেড়ে ফেলে গাছেরা সাজে নতুন সবুজ-সজীব পাতায়। সেই পাতার আড়ালে কোকিলের ব্যাকুল কুহুতান। বহু বর্ণে বর্ণিল,আলোক উজ্জ্বল, প্রাণপ্রাচুর্যময় ঋতুরাজ বসন্তকে বরণ করতে হূদয়ের সকল উচ্ছলতা ঢেলে দেয় রাজধানীবাসী। জাতীয় বসন্ত উত্সব উদ্যাপন পরিষদ প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বকুলতলা এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে আয়োজন করে জাতীয় বসন্ত উত্সবের।

রাজধানীর রাজপথে, পার্কে, বইমেলায়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাসন্তী ও ভালোবাসার বসনে সুসজ্জিত তরুণ-তরুণীকে দেখা যায় উচ্ছ্বাসমুখর আড্ডায়। বসন্তবরণে ফুলের দোকান, বিপণিবিতান, এমনকি অন্দরের সাজসজ্জায় লাল-হলুদের আভা। বসন্তবরণে ব্যস্ত ছিল রেস্তোরাঁগুলোও। নারীরা বসন্তের সাজে সাজতে খোঁপায়-গলায়-মাথায় পরে গাঁদা ফুলের মালা। হাতে রেশমি চুড়ি আর পরনে বাসন্তী রঙের শাড়ি। পুরুষদের পরনেও শোভা পায় রঙিন পাঞ্জাবি, ফতুয়া। গতকাল ভোরের আলো ফুটতে না ফুটতেই বিভিন্ন বয়সি মানুষের পদচারণা বাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বাঁশির ধুন দিয়ে শুরু হয় বসন্তবরণ। সুরের মূর্ছনার আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে। গান, আবৃত্তি আরস নৃত্য। সুর, রঙ আর উচ্ছাস ছড়ানো বসন্ত বরণ। এমন মন জুড়ানো নয়নাভিরাম পরিবেশ দেখে সহজেই অনুমেয় হয় ‘বসন্ত এসেছে দ্বারে দ্বারে...’।

বসন্ত উত্সবের দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর সাড়ে ৩টায়। লাল, হলুদ আর কমলা রঙের ছটায় সাজানো হয় উত্সবের মঞ্চ। ঋতু বন্দনায় শিল্পীরা পরিবেশন করেন গান, নৃত্য ও আবৃত্তি। দলীয় সংগীত পরিবেশন করে সুরের ধারা, সত্যেন সেন ও সুরসপ্তক, ধ্রুবতান শিল্পীগোষ্ঠী। ‘নৃত্যনন্দন’ পরিবেশন করে ‘দোল ফাগুনের দোল লেগেছে আমার বনে দোল...’ গানের সঙ্গে দলীয় নৃত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে একযোগে অনুষ্ঠান চলে। কেবল ঢাকা নয়, সারাদেশে উত্সবমুখর পরিবেশে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে।