(লেখক কাণ্ড)
/ বাসু দেব নাথ
w —খারু ভাই, এবার নাকি আপনার নতুন বই বের হয়েছে। আমরা কি সৌজন্য সংখ্যা পাব?
—কেনো নয়! বই তো গাছে ধরে।
w —খারু ভাই, এতক্ষণ মেলায় ঘুরে একজন লেখক হিসেবে আপনার অনুভূতি কী?
—হ্যাঁ, মেয়ে পাঠকের সাথে কয়েকটা সেলফি তুলে মোটামুটি ভাব আসছে শরীরে।
w —তো খারু ভাই, মেলায় পাঠক-লেখকের সমাবেশ কেমন?
—হ্যাঁ, অনেক মানুষের সমাবেশ। তবে পাঠক না, সব লেখক।
w —খারু ভাই, আপনার কয় কপি বই বিক্রি হলো কাব্যিক ভাষায় একটু বলেন তো।
—চাঁদের আকৃতিকে যদি সংখ্যায় তুলনা করেন তবেই হিসাব মিলে যাবে।
w —খারু ভাই, দেখলাম আপনি আপনার কোনো পাঠককে অটোগ্রাফ দিচ্ছেন। কে সে?
—(পর্দার আড়ালে) সে আমার গ্রামের খালাতো ভাই। একটু ফটোগ্রাফি করতে নিয়ে এসেছিলাম।
w —তো খারু ভাই, মেলা থেকে কার কার বই নিলেন?
—কার আর! যে লেখক আমার বই নিয়েছে সেই লেখকের বই আমিও নিয়েছি।
w —খারু ভাই, আপনার বইয়ের নাকি প্রথম মুদ্রণ শেষ? কয় কপি করেছিলেন?
—সেটা জেনে কী করবেন? ২০ কপিও কম কি!
w —প্রকাশনীর সামনে অনেক ভীড়, সবাই আপনার বই নিতে চায়। কী লিখলেন?
—আরে ভাই, সব আমার ক্লাসমেট, বিকালে সবার জন্য চা-পরটার ব্যবস্থা করা আছে। তাই একটু নাটক করছে আর-কি, যদি দু-চারটা বই কেউ কিনে। তাতে করে যদি মিডিয়ায় কিছু বক্তব্য দিতে পারি, তবেই হলো।
w —খারু ভাই, আপনার প্রথম বইটি কাকে উত্সর্গ করলেন?
—কাকে আর, আমার ঘরওয়ালীকে। যেন দ্বিতীয় বইটি বের করতে আর কোনো ঝড় সইতে না হয়।
w —খারু ভাই, বইমেলা নিয়ে ঠাট্টায় যে হাসি-তামাশা চলছে তা নিয়ে আপনার অভিমত কী?
—ঠাট্টার প্রতি নিন্দা জানাই। তাছাড়া প্রশ্ন হলো—ঠাট্টায় যারা লিখে তারা কি লেখক না? তাইলে কারো মান-সম্মান কিছুই রাখল না যে।
সীতাকুণ্ড, চট্টগ্রাম।
