উগ্র জাতীয়তাবাদের কারণে ভারতে ভুয়া খবর ছড়াচ্ছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৪১

ভারতে উগ্র জাতীয়তাবাদের উত্থানে সাধারণ লোকজন ভুয়া খবর ছড়িয়ে দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির জরিপ বলছে, অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদ চাঙ্গা করতে পারে এরকম আবেগকে প্রকৃত খবরের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোশাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার বিষয়ে বামপন্থীদের চেয়ে ডানপন্থী নেটওয়ার্কগুলো অনেক বেশি সংগঠিত। এমনও দেখা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে সোশাল মিডিয়াতে যেসব নেটওয়ার্ক কাজ করছে তারা যেসব ভুয়া খবর প্রচার করছে। সেই একই খবর প্রচার করছে ফেইক নিউজের অন্যান্য উত্সগুলোও।

বিবিসির অন্য একটি জরিপে দেখা গেছে, সোশাল মিডিয়া ও বার্তা আদান-প্রদানের অ্যাপগুলো থেকে গুজব ছড়িয়ে পড়ায় গত বছর অন্তত ৩২ জন নিহত হয়েছে। কিন্তু আফ্রিকায় চালানো গবেষণায় দেখা গেছে, সেখানে ভুয়া খবর ছড়িয়ে পড়ার পেছনে জাতীয়তার পরিচয় ততোটা গুরুত্বপূর্ণ ছিল না। ভারত, কেনিয়া এবং নাইজেরিয়াতে ভুয়া খবরের ওপর গবেষণা চালিয়ে এসব জানা গেছে। গবেষণায় অংশগ্রহণকারীরা এক সপ্তাহ ধরে তাদের ফোন বিবিসিকে দেখতে দিয়েছেন। তিনটি দেশেই দেখা গেছে, মূলধারার সংবাদ মাধ্যমের ওপর জনগণের অনাস্থার কারণে তারা বিকল্প জায়গা থেকে তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এসব তথ্য যাচাই-বাছাই করার কথা তারা ভেবেও দেখেনি।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা ভুয়া কিংবা আসল খবর যাচাইয়ের ব্যাপারে খুব কমই সচেষ্ট ছিলেন। হোয়াটসঅ্যাপে ছেলেধরার ভুয়া ভিডিও আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করেছে এগুলো যাচাই না করে। তারা মনে করেছেন, পরিবার ও সমাজকে রক্ষায় এসব খবর শেয়ার করা তার দায়িত্ব ছিল। ভারতে টুইটার ও ফেসবুকে ভুয়া খবর ছড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সেটাও বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা। এজন্য ভারতে ১৬ হাজার টুইটার এবং ৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা হয়েছে। দেখা গেছে, সেখানে উগ্র ডানপন্থী খবরাখবর অত্যন্ত পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।