বরিশালে আইনজীবী সমিতির নির্বাচন
বরিশাল অফিস
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই ধরনের ভোটের হিসাব দাবি করে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনে নানান অনিয়মের কথা তুলে ধরেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী মজিবুর রহমান নানটু। তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার ছিলো ৮৬৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৬০ জন। কিন্তু ৪ জন সভাপতি প্রার্থী ও বাতিলকৃত ৪ ভোট মিলিয়ে দেখা যায় সম্মিলিত ভোট সংখ্যা ৭৬৯টি। সেক্ষেত্রে ৯ ভোট বেশি আর সেই বেশি ভোটগুলোর ব্যালট পেপার আগেই দিয়ে দেওয়া হয়। ঐ ৯টি ব্যালট বার বার ভোটারদের হাত বদল হয়েছে এবং তাতেই প্রতিটি পদে ব্যালটের রায় পালটে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। মজিবুর রহমান বলেন, গোপন বুথে দলবেধে সাংবাদিকসহ প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের অনুপ্রবেশের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন-উপপরিষদের প্রত্যক্ষ সহযোগিতায় একটি প্যানেলকে বিজয়ী করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি নির্বাচন বাতিল চেয়ে এবং পুনর্নির্বাচনের দাবিতে এ সংবাদ সম্মেলনে জানান নির্বাচন উপ-পরিষদ তাদের দাবি না মানলে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মীর্যা মো. রিয়াজ হোসেন সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
