বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও মুরইলে মহাসড়ক সংলগ্ন সরকারি জায়গা স্থানীয়দের দখলে। এসব জায়গা যানবাহন চালকরা ব্যবহার করতে পারেন না। ফলে নওগাঁ-ঢাকা হাইওয়ের ওপর গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। ঐ দুটি স্থানে হাইওয়ের ওপর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ও মালপত্র ওঠানামা করানো হয়। এছাড়া স্ট্যান্ড হিসেবে সব ধরনের গাড়ি পার্কিং করে রাস্তার ওপর। এ কারণে সড়কে যানজট লেগেই থাকে। যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। আদমদীঘি উপজেলার অভ্যন্তরীণ নওগাঁ-ঢাকা হাইওয়ে ব্যস্ত মহাসড়ক। এখানে আদমদীঘি সদর ও মুরইল বাজারে গাড়িতে যাত্রী ও মালপত্র ওঠাবার নির্ধারিত স্থান নেই। আদমদীঘির রহিম উদ্দীন কলেজ গেট থেকে হাসপাতাল গেট এবং মুরইল বাজারের সাঁওইল রাস্তার মোড় থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কে চালকরা ইচ্ছেমতো গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান। ঐ দুটি স্থানে গাড়ি ব্যস্ত সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল করে অত্যন্ত ঝুঁকি নিয়ে। সম্প্রতি সওজ ঐ দুটি স্থানে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। কিন্তু দখলমুক্ত না হওয়ায় আবার সওজের জায়গায় স্থায়ী অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া
