উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন:প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৭

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ একমাত্র নৌকায় ভোট দিলেই জনগণের উন্নয়ন নিশ্চিত হয়। তবে কে ভোট দিল, কে দিল না, তা বিবেচনা না করে আওয়ামী লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড়ো কথা। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে দেশে চলমান অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই অভিযান অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক যৌথসভা  শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। একই সঙ্গে চট্টগ্রামের মেয়র প্রার্থীও ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন না বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার জায়গায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সদ্য অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে আসা ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন পেলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি,  যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শাহাদারা মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিংকালে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের কাছে গিয়ে ভোটের কথা বলুন। একটা আদর্শ নিয়ে যখন রাজনৈতিক কর্মী এগিয়ে যায় তখন কোনো বাধাই বাধা হয় না। যদি সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে বলতে পারেন, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে। প্রধানমন্ত্রী বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে তার সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারাটা এক বিরাট অর্জন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এক দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে বলেই দেশব্যাপী উন্নয়ন দৃশ্যমান হয়েছে। জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে।’

গতকাল বৈঠকের শুরুতে ধারাবাহিকভাবে ৫ উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও চসিকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হয়। চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মেয়র পদে নির্বাচিত হলে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রামবাসীর জন্য জীবন উত্সর্গ করব।’