দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মজনু সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা শাহপাড়ার মো. ওবায়দুর রহমানের পুত্র। শুক্রবার গভীর রাতে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা নামক স্থানে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে।
প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দ্রুত তাকে উন্নত চিকিত্সার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, পাওনা টাকা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
