চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৯ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করেছে র্যাব। এ সময় সংশ্লিষ্ট দুই জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার শুলকবহর এলাকায় তেলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চরপাথরঘাটা এলাকার আবদুল মোনাফের পুত্র রিজুয়ানুল ইসলাম (৩৫) ও সরাইপাড়া এলাকার ফয়েজ আহমেদের পুত্র মো. রহমান (৩৪)।
র্যাব-৭ সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, বিদেশ থেকে চোরাই পথে এসব তেল কর্ণফুলি এলাকা থেকে সীতাকুন্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত্ এই কাজে লিপ্ত রয়েছে। এ সময় তেল বহনকারী ট্যাংকারও জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
