গলাবাজি নয়, পৃথিবীতে টিকে থাকতে হবে মেধার জোরে :মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল ২০২০। গতকাল শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানে তরুণদের ক্যারিয়ার এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা।

দেশের ৬৪ জেলা থেকে আগত দুই শতাধিক তরুণদের নিয়ে এ আয়োজন করে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট। ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের চেয়ারম্যান শরীফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সিইও এম এম মনিরুল আলম, টাইমেক্স একাডেমির চেয়ারম্যান সৌরভ আল জাহিদ, নগদের হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট সুলায়মান শুখন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘উন্নত দেশগুলোতে মাত্র ২ শতাংশ লোক সরকারি চাকরি করে। বাকিরা বিভিন্ন পেশা বেছে নেন। অথচ আমাদের দেশে সবারই কমবেশি প্রবণতা থাকে পড়াশোনা শেষ করে একটি সরকারি চাকরি করা। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। উদ্যোক্তা হতে হবে আমাদের। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে ঘুরে দাঁড়াতে চাইলে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে, নতুনত্ব চিন্তা করার মনমানসিকতা থাকতে হবে। গলাবাজি করে পৃথিবীতে টিকে থাকা যাবে না, টিকে থাকতে হবে মেধা ও কাজের জোরে।

তরুণদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তোমাদের দায়িত্ব এ দেশকে কুসংস্কার মুক্ত করা, আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। দেশকে উন্নত যে কোনো দেশের সমকক্ষ করে তোলা। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। আশা করি তোমরা আমাদের হতাশ করবে না। জ্ঞানই শক্তি, জ্ঞানকে কাজে লাগাতে হবে।’