জাতীয় নাট্যোত্সব মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

বিনোদন রিপোর্ট

‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না সংস্কৃতি’—এমন শ্লোগানে গত ১২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘জাতীয় নাট্যোত্সব ২০২০’। এবারের এ উত্সবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শুরু হওয়া এ উত্সব চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উত্সবে অষ্টম দিন (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের আলোচিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’। এটি প্রাঙ্গণেমোরের সপ্তম প্রযোজনা। এবার হতে যাচ্ছে নাটকটির ৪৪তম প্রদর্শনী। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় অনন্ত হিরা। ধর্ম নিয়ে মুঘল সাম্রাজ্যের নির্মম প্রাসাদ রাজনীতি ও ষড়যন্ত্র এবং তার আধুনিক সমকালীন বিশ্লেষণ, প্রয়োগ ও উপস্থাপনের নাটক আওরঙ্গজেব।

১৯ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার মঞ্চে ঐতিহাসিক নাটকের আধুনিক উপস্থাপন দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হতে দর্শকদের আহ্বান জানিয়েছেন প্রাঙ্গণেমোরের অন্যতম প্রতিষ্ঠাতা নূনা আফরোজ।