পদ্মার তলদেশ দিয়ে বিদ্যুত্ গেল দুর্গম চরাঞ্চলে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মার দুর্গম চরাঞ্চল শরীয়তপুরের চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করা হয়েছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে দুর্গম ঐ চরে বিদ্যুত্ নেওয়া হয়েছে। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শনিবার দুপুরে চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে সুইচ চেপে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন।

পল্লী বিদ্যুত্ সমিতি সূত্র জানায়, শরীয়তপুরের পদ্মা নদীর তীর থেকে চরগুলোর দূরত্ব ৬ থেকে ৭ কিলোমিটার। নদীর ঐ দূরত্ব দিয়ে শরীয়তপুর পল্লী বিদ্যুত্ সমিতি বিদ্যুত্ সংযোগ দিতে পারছিল না। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি ঐ চরাঞ্চলে বিদ্যুত্ সংযোগ দেওয়ার কাজ শুরু করে গত বছর ফেব্রুয়ারি মাসে। মুন্সীগঞ্জের দীঘিরপাড় আর নড়িয়ার নওপাড়ার মধ্যে পদ্মা নদীর প্রশস্ততা ১ কিলোমিটার। ঐ ১ কিলোমিটার অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে বিদ্যুত্ সরবরাহের সঞ্চালন লাইন আনা হয়। ঐ এলাকায় বিদ্যুত্ সরবরাহ করার জন্য নওপাড়া ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।

দুর্গম চরাঞ্চলে সাবমেরিন কেবলের ও সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুত্ সংযোগ দেওয়া হবে শরীয়তপুরের চারটি ও চাঁদপুরের তিনটি ইউনিয়নের ২০ হাজার পরিবারকে। এর মধ্যে শরীয়তপুরের চারটি ইউনিয়নের ১৬ হাজার পরিবারকে বিদ্যুত্ দেওয়ার জন্য ৩৮৪ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে।