গতকাল রবিবার সকালে বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সাভার-বিরুলিয়া-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় সার্ক নীটওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ঐ পোশাক কারখানায় কাজ করেন প্রায় ১ হাজার শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন প্রদান না করেই রবিবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দেয়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সাভার-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার ফলে রাস্তার দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এ সময় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এক পর্যায়ে আন্দোলনকারী শ্রমিক ও পুলিশের মাঝে সংঘর্ষ বেধে যায়। পরে শ্রমিকরা দুপুর ১২টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনের উদ্দেশ্যে এলাকা ত্যাগ করেন।
একাধিক শ্রমিক জানান, সার্ক নীটওয়্যার লিমিটেড কারখানার প্রায় ১ হাজার শ্রমিক কাজ করলেও প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদান না করে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই জানুয়ারি মাসের বেতন ‘দেই, দিচ্ছি’ করে টালবাহানা করছিল মালিকপক্ষ। রবিবার সকালে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে দেয়। তবে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিরাজ হোসেন জানান, ঐ নোটিশের ব্যাপারে তিনি কিছুই জানেন না।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, বিষয়টি নিয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বিক্ষুব্ধ শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
