বিসিএসের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষায় চাকরির আবেদনের বিধিমালা, ২০১৪ এর ১৪ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সাধারণ বিসিএসের মাধ?্যমে চাকরিতে প্রবেশের সুযোগ ৩২ বছর পর্যন্ত কেন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।

৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচ শিক্ষার্থী এ রিট করেন। রিটে সাধারণ বিসিএসের মাধ?্যমে চাকরিতে প্রবেশের সুযোগ ৩২ বছর পর্যন্ত করার আবেদন করা হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর ১৪ (১) বলা হয়েছে, কমিশন যে মাসে বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন জারি করবে ঐ মাসের প্রথম তারিখে কোনো প্রার্থীর বয়স ২১ বছরের নিচে বা ৩০ বছরের ঊর্ধ্বে হলে তিনি ঐ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না। অপরদিকে ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৩শ বিজেএস) পরীক্ষা ২০১৯ এর বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামে বলা হয়, প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আইনজীবী আলতাফ হোসেন বলেন, দুটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন করার বয়সসীমা ভিন্ন ভিন্ন। যা সংবিধানের ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। শুনানি শেষে আদালত রুল জারি করে।