জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ (জেইউডিও) আয়োজিত ‘ইভ্যালি জাতীয় বিতর্ক উত্সব-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উত্সবের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারসহ সংগঠনটির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি আঞ্চলিক বিতর্কের মধ্য দিয়ে এ বিতর্ক উত্সব শেষ হয়। এ উত্সবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
এদিকে উত্সবে বাংলা সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। তার মধ্যে ডিইউডিএস ও কুয়েটডিসি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় ডিইউডিএসের ওমর রাদ চৌধুরী ডিবেটার অব দ্য ফাইনাল ও ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ডিইউডিএসের শাহরিয়ার আহমেদ। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্কুলের ৩০টি দল অংশ নেয়। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ হয় একই স্কুলের অন্য একটি দল। এছাড়া পাবলিক স্পিকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোকেয়া আশা প্রথম, জিল্লাল হোসাইন সৌরভ দ্বিতীয় এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার ফাইয়াজ তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাসান মাহমুদ সম্রাট প্রথম, তাসফিয়া আফরিন ফারিয়া দ্বিতীয় ও রোকেয়া আশা তৃতীয় স্থান অধিকার করেন।
এর আগে গত ৩১ জানুয়ারি ‘তফাত হোক শিরদাঁড়ায়’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে ‘ইভ্যালি জাতীয় বিতর্ক উত্সব-২০২০’-এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে দেশের বিভিন্ন কলেজের ২২টি দল অংশ নেয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কমার্স কলেজ এবং রানারআপ হয় শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ।
