দেবীগঞ্জে নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৪০

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে আবু হুযাইফা (৮) নামে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর মুন্সিপাড়া এলাকায় ওই শিশুর বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু হুযাইফা ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, গত ১৭ ডিসেম্বর বিকেল ৩ টার পর থেকে হুযাইফার কোন খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। কোথাও খোঁজ না পেয়ে পরদিন ১৮ ডিসেম্বর দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে মাইকিংসহ স্থানীয়ভাবে পোস্টারও ছাপানো হয়। সোমবার সকালে বাড়ির কয়েকশ মিটার দূরের একটি পুকুরে ওই শিশুর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়  স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির বাবা আব্দুল কাদের বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। ছেলেটির বয়স ৮ বছর, ২য় শ্রেণিতে পড়ে। সে বাড়ির পাশেই খেলছিল। পুকুরে পরে যাওয়ার কথা না। কিভাবে কি হলো বুঝতে পারছি না। কেই তাকে হত্যা করে পুকুরে ফেলে দিতে পারে।

দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউপি চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের পর ওই পুকুরে জাল ফেলে খোঁজ করা হয়েছিল। কিন্তু শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি। পরে সেখান থেকেই শিশুটির লাশ উদ্ধার রহস্যজনক। 

আরও পড়ুন: পাকিস্তানে দুর্নীতির দায়ে নওয়াজ শরিফের ৭ বছরের কারাদণ্ড

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, শিশুটি নিখোঁজ হলে পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুরে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

ইত্তেফাক/এমআই