পীরগাছায় বোরো চারার সংকটে বিপাকে কৃষক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় বোরো চারার তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ বীজতলার চারা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরির কবলে পড়ে নষ্ট হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। কৃষকরা চড়াদামেও বোরো চারা পাচ্ছেন না। ফলে বোরো রোপণের ভরা মৌসুমে কৃষকরা বিপাকে পড়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা বোরো রোপণের জন্য জমি তৈরি করছেন। কিন্তু চারা সংকটে তারা বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন। অনেক কৃষক চারার অভাবে বোরো রোপণ করতে পারছেন না।

উপজেলার কান্দিরহাটে বোরো চারা কিনতে আসা আফছার আলী বলেন, ২২ শতাংশ জমিতে বোরো রোপণ করতে ১ হাজার ৪০০ টাকা দিয়ে চারা কিনতে হলো। চারা না পেলে তৈরি জমি শুকিয়ে যাবে। পাওটানা হাটে চারা কিনতে আসা মাঈদুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলার চারায় পচন ধরে নষ্ট হয়েছে। এখন ভালোমানের চারা পাওয়া যাচ্ছে না। বাজারে যে চারা পাওয়া যাচ্ছে তার মান ভালো না হলেও দাম বেশি। তাই বোরো আবাদ নিয়ে চিন্তায় আছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম বলেন, অনেক কৃষকের বীজতলার জন্য জমি নেই। তাই তারা প্রতিবছর অন্যের কাছ থেকে চারা কিনেই রোপণ করেন। এ সময় বোরো মৌসুমে হাটবাজারে চারার চাহিদা বেড়ে যায়। এজন্য সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত চারা সংকট থাকবে না।