স্টাফ রিপোর্টার, দিনাজপুর
অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয় ছুঁয়ে গেছে দিনাজপুর বিকেএসপিতেও। বিশ্বকাপজয়ী দলটির অধিনায়ক আকবরসহ সাত সদস্য এখানকার শিক্ষার্থী হওয়ায় আনন্দ পেয়েছে দ্বিগুণ মাত্রা। সাবেক প্রশিক্ষকদের কৃতজ্ঞতা জানাতে গত শনিবার বিকালে দিনাজপুর বিকেএসপিতে আসেন অধিনায়ক আকবর আলী। শিষ্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান তার পুরোনো কোচ ও শিক্ষকরা। দীর্ঘদিন পর পুরোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আকবরও হয়ে পড়েন আবেগপ্রবণ। শুধু শিক্ষক না, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও সময় কাটিয়ে তাদের তিনি নানা পরামর্শও দেন।
শুধু আকবর নন, পারভেজ হাসান ইমন, হাসান মুরাদসহ একই দলের বেশ কয়জন সতীর্থের ক্রিকেটের হাতেখড়ি এখানে। ২০১৫-১৬ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঠশালায় নিজেদের প্রস্তুত করেন আকবররা। এরপরে সাভার বিকেএসপিতে গিয়ে প্রশিক্ষণ শুরু করে যুবারা। বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এসে আকবর বলেন, এখন বুঝতে পারছি দেশের মানুষের জন্য বিশ্বকাপটা কি? দক্ষিণ আফ্রিকার যাত্রাটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ফাইনালে ভারতের বিপক্ষে স্নায়ুচাপের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে আত্মবিশ্বাসের জায়গাটায় কোনো খাদ ছিল না ইয়াংটাইগারদের, বিশ্বাস ছিল অটুট। পুরো আসরে দলগত পারফরম্যান্স ছিল মূল চালিকা শক্তি। বিকেএসপির কোচ ইরফানুজ জামান সোহাগ ও কোচ আকতার ইমাম সোহেল আনোয়ার জানালেন, নিজেদের হাতেগড়া এসব ক্রিকেটারের বিশ্বজয়ে গর্বিত, এ আনন্দের ভাগিদার তারাও। একই অভিমত উপপরিচালক আখিনুর রহমান রুশোরও। বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ক্রিকেটে ১২৭ ও সাঁতারে ২৩ জন ছাত্র প্রশিক্ষণ নিচ্ছে।
