অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

এসএসএফকে হোন্ডার দুটি ফ্ল্যাগশিপ মোটরসাইকেল হস্তান্তর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিশেষ নিরাপত্তা বাহিনীকে (এসএসএফ) দুটি ফ্ল্যাগশিপ ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটরসাইকেল হস্তান্তর করেছে। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাত্সুকি এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে দুটি ১৮০০ সিসি মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।

জানা গেছে, ‘খুব শিগিগরই এই ব্র্যান্ডের আরো ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে।’ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও হোন্ডার মধ্যকার সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দুটি উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিল্প সচিব আব্দুল হালিম, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরডিএ)’র চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান।