বুয়েটের আবরার হত্যাকাণ্ড
ইত্তেফাক রিপোর্ট
বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবেদন জানানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে এ আবেদন করার বিষয়টি জানান আবরারের বাবা বরকতউল্লাহ। এরপর তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ঐ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। গতকাল আদালতে কারাগার থেকে ২২ আসামিকে হাজির করা হয়। নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।
পরে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, নিয়ম অনুযায়ী আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখায় পাঠানো হবে। সেখান থেকে সব প্রক্রিয়া সম্পন্নের পর সরকার গেজেট জারি করলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে। আমি আবেদনটি তৈরিতে বাদিকে সাহায্য করছি।
আবরারের বাবা বরকতউল্লাহ বলেন, আমরা চাই মামলাটির দ্রুত বিচার হোক। সেজন্য একটি আবেদন লিখেছি। আশা করছি দ্রুততার ভিত্তিতে ট্রাইব্যুনালে এই মামলার বিচার হবে এবং আসামিদের সর্বোচ্চ সাজা হবে।
গত ১২ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ঐদিনই মামলাটি স্থানান্তর হয়। এরপর দুই দফায় অভিযোগ গঠন শুনানি পেছানো হয়। গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে খুন হন আবরার ফাহাদ। এ ঘটনায় করা হত্যা মামলায় ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
