রামগতিতে কিশোরীকে গণধর্ষণ, তিন ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৮

লক্ষ্মীপুরের রামগতির চর আফজল এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নির্যাতনের শিকার মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—ঐ এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২৩), মো. নুরনবীর ছেলে মো. ইউছুফ (২৭) ও আবদুল হালিমের ছেলে মো. ওছমান (২৫)।

পুলিশ ও ঘটনার শিকার কিশোরীর (১৭) পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে ঘর থেকে বের হয়। এ সময় বাহিরে ওত পেতে থাকা একই এলাকার তিন যুবক মিরাজ, ওছমান ও ইউছুফ তার মুখ বেঁধে বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর অভিযুক্তরা বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ না করতে ঐ মেয়েটির পরিবারকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে স্থানীয়ভাবে ‘মীমাংসার’ নামে অভিযুক্তদের পরিবারের লোকজন কালক্ষেপণ করতে থাকে। নিরুপায় হয়ে মেয়েটির মা বাদী হয়ে গত রবিবার রাতে রামগতি থানায় ঐ তিন যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলা দায়েরের পর তাত্ক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ঐ কিশোরীকে সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।