মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মত্স্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সাময়িক বরখাস্ত হয়েছেন। রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ অনুযায়ী দেওয়ান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি মত্স্য কর্মকর্তা নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে চেয়ারম্যান সাইদুর রহমান তার লোকজন দিয়ে প্রশাসনিক কাজে মত্স্য কর্মকর্তা নজরুল ইসলামকে চাপ দিয়ে আসছেন। ৪ ফেব্রুয়ারি দুপুরে বেশ কয়েক জন যুবক নজরুল ইসলামকে তার দপ্তর থেকে জোর করে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যান। এ সময় উপজেলা পরিসংখ্যান বিভাগে গণনাকারী (সুপারভাইজার) নিয়োগকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তাকে বদলিসহ প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসকসহ মত্স্য বিভাগের ডিজির কাছে অভিযোগ করেন।