আবরারের মৃত্যু প্রথম আলো সম্পাদকের জামিন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২০

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

গত ২০ জানুয়ারি এ মামলায় মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। আত্মসমর্পণ করে জামিন চাইলে তার জামিন আবেদন বিবেচনা করতে হাকিম আদালতকে নির্দেশনা দেওয়া হয়। চার সপ্তাহের আগাম জামিন শেষে গতকাল আদালতে হাজির হয়ে জামিন চান মতিউর রহমান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী, আমিনুল গনি টিটো, প্রশান্ত কুমার কর্মকার। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক আসিফ।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ক্যাম্পাসে কিশোর আলো কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে গত পহেলা নভেম্বর বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান নবম শ্রেণির ছাত্র আবরার রাহাত। এ ঘটনায় গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করা হয়। ঐ মামলায় ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। ঐ প্রতিবেদন আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।